মধ্যপ্রাচ্যে যুদ্ধ  শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক : March 10, 2026

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রী ভোগান্তিও। 

সবশেষ মঙ্গলবার (১০ মার্চ) মোট ৩২টি ফ্লাইট বাতিল হয়। এতে ১১ দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭ তে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সংশ্লিষ্ট রুটের ফ্লাইট বাতিল করতে হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি ও ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং আজ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে ফ্লাইট বাতিলের এই বিশাল ধাক্কার মাঝেও বিকল্প পথে কিছু ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাস্কাট ও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত রয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সাথে যোগাযোগ রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share This