দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করেছে একটি গোষ্ঠী। তবে জনগণ রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।তিনি বলেন, পলাতক শেখ হাসিনা কখনো ফিরে আসবেন না। পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) গণঅধিকার পরিষদ আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর: ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভোটাধিকার প্রতিষ্ঠার ধারাবাহিকতা বজায় রাখা সবার দায়িত্ব।
পরাজিত শক্তি আজ আস্ফালন করছে, দেশে আসার কথা বলছে। কিন্তু দেশে এসে তারা কী করবে? আমরা চাই, তারা দেশে আসুক এবং বিচারের মুখোমুখি হোক।
তাদের বিচারের অপেক্ষায় রয়েছে দেশবাসী।
তিনি বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা জনগণ মেনে নেবে না। দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করছে। যাদের একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, তারাই এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।
আমান বলেন, কোনোভাবেই ফ্যাসিস্টদের বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এ বিষয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্টরা উসকানি দিয়ে শ্রমিকদের মাঠে নামানোর অপচেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবি রয়েছে এবং সরকার তা পূরণের উদ্যোগ নিয়েছে। কিন্তু একটি গোষ্ঠী শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে আমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। ৭ নভেম্বর না হলে বাংলাদেশ অন্য দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হতে পারত। এই দিনটির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন করে জন্ম হয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমদের মন্ত্রিসভায় আওয়ামী লীগ ও বাকশালের ২১ জন সদস্য ছিলেন। অথচ পরবর্তী সময়ে জিয়াউর রহমানকে অযথা দোষারোপ করা হয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছর যারা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিলেন, তাদের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। গণতন্ত্র রক্ষা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাসসের সাবেক এমডি ও সম্পাদক মাহবুব মোর্শেদ, গণধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ, অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ ও সংগঠনের উচ্চস্তর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু।