হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব দীপাবলি ও শ্যামাপূজা আজ রবিবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অসুর শক্তির বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার জন্যই দেবী কালীর আবির্ভাব ঘটেছিল। অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর উদ্ভাসন, অশুভের বিনাশ করে শুভশক্তির জাগরণ এবং মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উৎসবের মূল তাৎপর্য।
হিন্দুদের বিশ্বাস, শ্যামাপূজা ও দীপাবলি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অন্ধকার থেকে আলোর পথে, অসত্য থেকে সত্যের পথে এবং অকল্যাণ থেকে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার চিরন্তন অনুপ্রেরণা জোগায়। এটি মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সহস্র প্রদীপ প্রজ্বালন করা হবে। রাতভর শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার।
ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠ, বাসাবোর বরদেশ্বরী কালীমাতা মন্দির ও মহাশ্মশান, পোস্তগোলা ও লালবাগ মহাশ্মশান মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, মেরুল বাড্ডার মা কালী-শিব মন্দিরেও ঘটা করে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।