সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আন্তজার্তিক ডেস্ক : October 07, 2025

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন দেশটির এক প্রবীণ আইনজীবী। সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে নয়াদিল্লিতে ভারতের সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। তবে জুতা বিচারপতির আসনে পৌঁছায়নি। নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করেন।

সুপ্রিম কোর্টে অপ্রত্যাশিত ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘‘আমিই একমাত্র শেষ ব্যক্তি হিসেবে এ ধরনের ঘটনায় আক্রান্ত হয়েছি বলে মনে করছি। এরপর তিনি স্বাভাবিকভাবে আদালতের শুনানি কার্যক্রম চালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দিনের প্রথম মামলার শুনানি শুরু করার সময়ই ৭১ বছর বয়সী ওই আইনজীবী ‘‘সনাতনের অপমান ভারত সহ্য করবে না’’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন তিনি। তবে জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং নিরাপত্তাকর্মীরা ওই আইনজীবীকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তির কাছে সুপ্রিম কোর্টের ‘প্রক্সিমিটি কার্ড’ পাওয়া গেছে; যা সাধারণত আইনজীবী ও তাদের সহকারীদের দেওয়া হয়। কার্ডে থাকা ব্যক্তির নাম কিশোর রাকেশ। তার উদ্দেশ্য কী ছিল, তা এখনও পরিষ্কার নয়। দেশটির নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

প্রধান বিচারপতি ওই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক কোনও ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত একজন আইনজীবী বলেছেন, ‘‘বিচারপতি গাভাই পুরো ঘটনাতেই শান্ত ছিলেন। তিনি কেবল বললেন, ‘‘আমি এ ধরনের ঘটনায় প্রভাবিত হই না। দয়া করে, শুনানি অব্যাহত রাখুন।’’

Share This