দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান সারোয়ার ওয়াদুদের

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান সারোয়ার ওয়াদুদের

নিজস্ব প্রতিবেদক : June 07, 2026

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে প্রতিবন্ধী, দুস্থ ও মজলুম মানুষের মাঝে গোশত ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শনিবার (৬ জুন) রাজধানীর ধানমন্ডিতে সড়কে জাস্টি আমিন আহমেদ ট্রাস্ট সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ও প্রবীণ জননেতা গিয়াসউদ্দিন আহমদ।

এ সময় আরও বক্তব্য দেন ড. মো. আব্দুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ড. জমিরুল আক্তার, মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ওমর ফারুক বিএন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শরীফ আজিজ, সিনিয়র অ্যাডভোকেট মঈনুদ্দিন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, আফাজ উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি কবি সেজান খানসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে সরকার-প্রভাবমুক্ত ও সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সৎ, সাহসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজকে শুদ্ধ করার মধ্য দিয়েই দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী আরও বলেন, “দেশের মালিক জনগণ, আমরা সরকারের অংশীদার।” তিনি ভূমিদস্যুদের হাত থেকে জনগণের সম্পদ রক্ষায় কার্যকর ভূমি আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার দেশপ্রেমিক মানুষকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। পরে আয়োজকদের পক্ষ থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গোশত ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share This