ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : March 05, 2026

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট পারমিট বাতিল হবে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজির কোনও সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে তৎপর রয়েছে। পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনগুলোও চাঁদাবাজি প্রতিরোধে দায়িত্ব নিয়ে কাজ করছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ের প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রার আশ্বাস

মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে বলে সরকার আশাবাদী। যানজটমুক্তভাবে পরিবহন চলাচল নিশ্চিত করতে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পরিবহন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করা হচ্ছে এবং সবার মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেড় কোটি মানুষের যাত্রা বড় চ্যালেঞ্জ

শেখ রবিউল আলম বলেন, ঈদের আগে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রা করবে; যা একটি বড় চ্যালেঞ্জ। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে এবারের ঈদযাত্রা আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চন্দ্রায় যানজট ঠেকাতে অতিরিক্ত বাস

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রতি বছর চন্দ্রা এলাকায় যানজট সৃষ্টি হয়। এ সমস্যা মোকাবিলায় এবার সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হবে।

ধাপে ধাপে ছুটি দেবে গার্মেন্টস কারখানা

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে গার্মেন্টস খাতে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। ১৬ মার্চ ১৬ শতাংশ এবং ১৭ মার্চ ২২ শতাংশ কারখানা ছুটি হবে। এভাবে ধাপে ধাপে কারখানাগুলো বন্ধ করা হলে একসঙ্গে অতিরিক্ত যাত্রীর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট

মন্ত্রী বলেন, ঈদের সময় কোনও বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নিলেও ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট পারমিট বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে ফৌজদারি অপরাধ যুক্ত থাকলে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি জানান।

শেখ রবিউল আলম বলেন, কোনও বাসই ইচ্ছামতো ভাড়া নিতে পারবে না। পরিবহন মালিকরা সভায় অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে সরকারকে আশ্বস্ত করেছেন। যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Share This