সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : October 18, 2026

সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে তিনি গুলশানের নিজ বাড়ি থেকে সাভার সেনানিবাসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এরইমধ্যে ঢাকা আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান উচ্ছ্বসিত স্থানীয় জনগণ।

প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ের বদলে যাওয়া নান্দকিক স্থান ও হরেক রকম ফুল ও ফলের বাগান পরিদর্শন করবেন। আমিনবাজার-বলিয়ারপুর সড়কের ওই অংশে তিনি একটি গাছের চারা রোপন করবেন।

ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউন থেকে সালেহপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৪ কি.মি এলাকায় দুই দশকের পুরোনো ময়লার ভাগাড় অপসারন করে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাগান। ড্রেন নির্মাণ, নেটিংসহ সবুজায়নে ফিরেছে ভিন্ন এক পরিবেশ। স্থাপন করা হয়েছে সোলার প্যানেল ও উইন্ডমিল। ১২০টি ইলেকট্রিক লাইটে বদলে যাওয়া সব দৃশ্যপট।

গত ৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগন্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্পের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তার নজরে আসে ময়লার ভাগাড়ের দৃশ্য। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ হাজার টন ময়লা অপসারণ আট হাজার ৮০০ বর্গ মিটার এলাকা মাটি ভরাট ও আট হাজার ৮০০ বর্গ মিটার বালি ভরাট করা হয়। ১৫ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলে সড়কের দুপাশে সৌন্দর্যবর্ধনের কাজ। বর্তমানে সেখানে নারিকেল, নিম, সুপারী, তালগাছ, মাধবীলতা, সিজিয়াম, ঝাউ গাছ, রঙ্গন ফুলসহ ছয় হাজার ৯৩০টি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে।

Share This