বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) ৫০ লাখ মার্কিন ডলারের অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানায়, এই অর্থ প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, সুরক্ষা কার্যক্রম ও রান্নার জন্য এলপিজি সরবরাহ জোরদারে ব্যবহার করা হবে।
দক্ষিণ কোরিয়ার এই অনুদান মূলত প্রতিবন্ধী শরণার্থীদের সহায়তায় ব্যয় হবে। এর মধ্যে থাকবে প্রাথমিক শনাক্তকরণ, পুনর্বাসন, সহায়ক যন্ত্র সরবরাহ, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা, এবং সহজে ব্যবহারযোগ্য গোসলখানা ও শৌচাগার নির্মাণ।
এ ছাড়া, এলপিজি সরবরাহ অব্যাহত থাকায় শরণার্থীরা পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ব্যবহার করতে পারবে। এলপিজি ব্যবহারে নারী ও কিশোরীদের সুরক্ষা ঝুঁকি কমেছে, শিশুদের স্কুলে পড়াশোনার জন্য আরও সময় মিলেছে এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশের ক্ষতি কমেছে।
প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের চাহিদা ক্রমবর্ধমান, বিশেষ করে প্রতিবন্ধী শরণার্থীদের ক্ষেত্রে। দক্ষিণ কোরিয়ার এই উদার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনরক্ষাকারী সহায়তার তীব্র ঘাটতির এ সময়ে কোরিয়ার জনগণ ও সরকারের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।