বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ২২তম মানামা ডায়ালগ ফোরাম-২০২৬-এ অংশ নিতে গত ২৯ অক্টোবর বাহরাইন সফরে যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। সফরকালে গত ৩১ অক্টোবর তিনি বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে আন্তরিকভাবে স্বাগত জানান। একই সঙ্গে তিনি মানামা ডায়ালগ ফোরামে তাঁর অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং এ সফর ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।