একদিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ

একদিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক : November 19, 2025

টানা দুই দফা কমার পর আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

 

বুধবার (১৯ নভেম্বর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস।

 

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য:

 

২২ ক্যারেট: ২,০৯,৫২০ টাকা

 

২১ ক্যারেট: ২,০০,০০৩ টাকা

 

১৮ ক্যারেট: ১,৭১,৪২৬ টাকা

 

সনাতন: ১,৪২,৫৯২ টাকা

 

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তন হতে পারে।

 

এর আগে, ১৮ নভেম্বর বাজুস প্রতি ভরিতে ১,৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ১৯ নভেম্বর থেকে।

 

চলতি বছর এখন পর্যন্ত ৭৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ৫৪ বার বেড়েছে, আর ২৫ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।

 

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

 

চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে, এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় হয়েছিল মাত্র ৩ বার।

Share This