বিমানবন্দরে অজ্ঞান পার্টির সদস্য আটক, মিলল নগদ টাকা ও মোবাইল

বিমানবন্দরে অজ্ঞান পার্টির সদস্য আটক, মিলল নগদ টাকা ও মোবাইল

জিয়াউল হক তুহিন : May 17, 2026

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূলহোতা মোঃ তাজুল ইসলাম (৪৮)-কে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ৫৫টি মোবাইল ফোন, চেতনানাশক ট্যাবলেট ও বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) ডিপার্চার এলাকায় আরাফাত হোসেন (১৮) তার খালাতো ভাইকে বিদায় জানাতে বিমানবন্দরে যান। পরে সেখানে অবস্থানকালে তাজুল ইসলামের দেওয়া কফি পান করার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাজুল ইসলামকে আটক করে তার দেহ ও ব্যাগ তল্লাশি চালায়।

তল্লাশিতে ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং প্রায় ১৫ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজুল ইসলাম স্বীকার করেন, তিনি ও তার সহযোগীরা বাস ও রেলস্টেশনে যাত্রীদের টার্গেট করে চা, কফি কিংবা সফট ড্রিংকের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে মালামাল হাতিয়ে নিতেন।

আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে দারুসসালাম এলাকার হোটেল রয়েলে অভিযান চালানো হয়। সেখানে থেকে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি এয়ারবাড হেডফোন, ১৫টি হাতঘড়ি, চেতনানাশক ট্যাবলেট ও পুরিয়া, নগদ ২ লাখ ২৩ হাজার টাকা, বিদেশি মুদ্রাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আরাফাত হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানা-এ নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টি প্রতিরোধ, চোরাচালান রোধ ও অপরাধ দমনে এপিবিএনের অভিযান অব্যাহত থাকবে।

Share This