‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক : May 05, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয়পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।

আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো বাতিল করা যাবে। এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এই চুক্তির ধারা যদি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়, তা সমাধানের সুযোগ চুক্তির মধ্যেই আছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা-ওয়াশিংটন একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি সই করে। চুক্তি নিয়ে নানা পক্ষের পাশাপাশি সংসদেও আলোচনা হয়েছে। 

 

Share This