জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : January 22, 2026

জনগণের ভাগ্য বদলে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এই ভোট চান।

তিনি বলেন, দেশকে যদি বাঁচাতে হয়, ইনশাল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুমের শিকার হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশে গণতন্ত্রের সূচনা করতে চাই, একই সঙ্গে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে কোথায় সিল মারতে হবে? ধানের শীষে আমাদের সিল মারতে হবে।

দেশ পুনর্গঠনে সকলকে একসঙ্গে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে, কোন দল?

তিনি বলেন, ধানের শীষই একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে। এখানে বহু মুরুব্বি মানুষ উপস্থিত আছেন। মুরুব্বীরা সাক্ষী আছেন, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই পৌরসভার নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাকভাবে নির্বাচন হয়েছে।

তারেক রহমান বলেন, যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে, সরকারকে বলতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি।

তারেক রহমান তার বক্তব্যে দেশের উন্নয়নে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মৌলভীবাজার জেলা সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে মৌলভীবাজারের বিভিন্ন আসনের বিএনপির প্রার্থীরাও বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সকালে প্রথম জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান।

মৌলভীবাজারের পর তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

Share This