রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : October 20, 2026

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে বৈঠকে প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। ব্যাপকসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর এ দেশে বসবাস পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়া সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অগ্রগতির জন্যও এটি অন্তরায়।

বিশেষ দূত রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে আশ্রয় ও আতিথেয়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ মনোভাব অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন এসময় উপস্থিত ছিলেন।

 

জাতিসংঘের প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন, পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েল প্রমুখ।

Share This