পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান রুশ রাষ্ট্রদূত। এসময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সালেহ আহমেদ জহুর রোডের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে দক্ষ অভিবাসন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক ও সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন তিনি।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬-২০২৭ মেয়াদ) সভাপতিত্ব। এই মর্যাদাপূর্ণ পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে রাশিয়ার সক্রিয় সমর্থন কামনা করেন শামা ওবায়েদ ইসলাম।
দুই দেশের মধ্যকার সম্পর্কের বর্তমান অগ্রগতিতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।