বড় মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

বড় মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : January 28, 2026

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। শফিকুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি। আত্মহত্যার আগে ভোর রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়েকে মোবাইল ফোনে একটি বার্তা পাঠান শফিকুল ইসলাম। বার্তায় তিনি লেখেন, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো। এরপর মেয়ে ফোন করলে তিনি আর কল রিসিভ করেননি।

নিহতের সম্বন্ধী এবং স্ত্রীর বড় ভাই আব্দুল হান্নান জানান, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন এবং ডিপ্রেশনে ভুগছিলেন।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share This