আগস্ট মাসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। বরং রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী— চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্টে) প্রায় ২১ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হলেও বড় ঘাটতির মুখোমুখি প্রতিষ্ঠানটি।
এনবিআর সূত্রে জানা যায়, গত জুলাইয়ে লক্ষ্যমাত্রা হিসাবে রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৮৬১ কোটি টাকা। আগষ্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৫ কোটি টাকা।
এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা ও ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। ওই সময়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এছাড়া, কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা ও আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
একই সময়ে ভ্যাট থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১ হাজার ৪০৯ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভ্যাট আদায় হয়েছে। শুল্কে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১ কোটি টাকা, আয়করে লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৩৭৯ কোটি টাকা। আলোচ্য সময়ে ভ্যাট থেকে ৩৩ দশমিক ১৩ শতাংশ, আয়করে ২০ দশমিক ০৯ ও শুল্কে ৬ দশমিক ৬১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে।
অন্যদিকে আগষ্ট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৮৮৯ দশমিক ৩০ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৭ দশমিক ৬৯ শতাংশ। বিগত অর্থবছরের একই সময়ে ২৩ হাজার ৮৯ দশমিক ৩৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এর মধ্যে আগষ্ট মাসে ১০ হাজার ৬১ কোটি টাকার শুল্কের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা, ১০ হাজার ৬৬০ কোটি টাকার ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ১১ হাজার ৮৫ কোটি টাকা এবং আয়করে ১০ হাজার ১৬৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা।