শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিকের অনন্য রেকর্ড

শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিকের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক : November 20, 2025

শততম টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। জর্ডান নেইলের ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিনি পূর্ণ করেন নিজের সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে এটি মাত্র ১১তম ঘটনা, শততম ম্যাচে সেঞ্চুরি। আর এই তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন মুশফিক।

এর আগে দিনের চতুর্থ বলে লেগ–বিফোরের জোরালো আবেদন থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। পরের বলও ব্যাটের কানায় না লাগায় একটু দুশ্চিন্তা বাড়লেও সাবলীলভাবেই এগিয়ে যান অভিজ্ঞ এই ব্যাটার।

সেঞ্চুরি করা মাত্রই আরেকটি রেকর্ডে ভাগ বসান মুশফিক। বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক তিনি, সমান সেঞ্চুরি রয়েছে মুমিনুল হকেরও।

দলের চাপের সময়েই ইনিংস শুরু করেছিলেন মুশফিক। প্রথম দিন ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপেই ছিল বাংলাদেশ। সেখান থেকে প্রথমে মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে দলকে স্বস্তি দেন তিনি। পরে লিটন দাসের সঙ্গেও আরেকটি উল্লেখযোগ্য জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেন।

শেষ পর্যন্ত ১৯৫ বল খেলে ৫ চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম, যা তাকে এনে দিয়েছে নতুন ইতিহাসের আসন।

Share This