পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে : অমিত শাহ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে : অমিত শাহ

আন্তজার্তিক ডেস্ক : February 01, 2026

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

 

শনিবার (৩১ জানুয়ারি) শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করার মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষার জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় সমস্ত জমি হস্তান্তর করা হবে।

 

অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্ত বেড়া দেওয়ার জমি দিচ্ছে না। তিনি দাবি করেন, এপ্রিলে নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। তার কথায়, মমতা দিদির সময় শেষ। বিজেপি সরকার এলে শুধু অনুপ্রবেশ বন্ধই হবে না, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করা হবে।

 

অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদাহরণ হিসেবে তিনি আসাম, রাজস্থান ও গুজরাটের প্রসঙ্গ টেনে বলেন, ওই রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকায় অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়েছে। একই চিত্র তিনি পশ্চিমবঙ্গেও দেখতে চান বলে জানান।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়েও সরব হন শাহ। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কর্মকর্তারা ভোটার তালিকা শুদ্ধিকরণে কমিশনকে সহযোগিতা করছেন না। তবে বিজেপি এই প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে একটি ‘পবিত্র ভোটা’র তালিকা নিশ্চিত করবে বলে তিনি জানান। 

পাশাপাশি উত্তরবঙ্গের চা শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আসামে বিজেপি সরকার যেমন চা শ্রমিকদের জমির অধিকার দিয়েছে, বাংলাতেও ক্ষমতায় এলে সেই একই পদক্ষেপ নেওয়া হবে।

Share This