স্বচ্ছতা নিশ্চিতে এনবিআরের ওয়েবসাইটে আমদানি পণ্যের বিস্তারিত তথ্য প্রকাশ

স্বচ্ছতা নিশ্চিতে এনবিআরের ওয়েবসাইটে আমদানি পণ্যের বিস্তারিত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : February 03, 2026

আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগের অংশ হিসেবে সর্বসাধারণের জন্য এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য সবার ব্যবহারের জন্য নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইটের www.nbr.gov.bd এই লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

এনবিআর আরও জানায়, নিয়মিতভাবে আমদানি সংক্রান্ত তথ্য প্রকাশের ফলে সংশ্লিষ্টরা নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দর ও দামের ওঠানামা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং আমদানির প্রবণতা ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ করা সহজ হবে।

এছাড়া, বাণিজ্য কাঠামো ও আমদানি নির্ভরতা বোঝার পাশাপাশি বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পের সহায়তা কার্যক্রম মূল্যায়ন করাও সহজ হবে। এটি আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন ও সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলোর ধারাবাহিকতায় বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Share This