বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষ্যে মোমেনশাহী সেনানিবাসে অবস্থিত আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেন গত ১৬ এপ্রিল।
রবিবার (১৯ এপ্রিল) আইএসপিআর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আর্টডকের বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে অবহিত হন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন, সফরকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সামরিক সচিব, জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ।