জনগণের সহযোগিতা পেলে আগামী দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।
শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কোরবানির ঈদকে সামনে রেখে ডিএসসিসির পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠানে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বর্জ্য ব্যবস্থাপনা ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন ও সহযোগিতাপরায়ণ হতে হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।