৫০ সাংবাদিক ও ৭৮ পর্যবেক্ষক আসতে আগ্রহী: ইসি সচিব

৫০ সাংবাদিক ও ৭৮ পর্যবেক্ষক আসতে আগ্রহী: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : January 22, 2026

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৫০ জন বিদেশি সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘৮৩ বিদেশি পর্যবেক্ষকে আমন্ত্রণ জানিয়েছি, এর মধ্যে  ৩৬ জন নিশ্চিত করেছেন। ৫ জন রিজেক্ট করেছেন আর এখনো কনফার্মেশন আসা বাকি আছে।’

তিনি বলেন, ‘বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবে।’

বর্তমানে ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মতো আছে, এটি তিনশ’র কাছাকাছি যেতে পারে বলেও ইসি সচিব জানিয়েছেন।

ভোটগণনায় এবার সময় বেশি লাগবে

এবারের নির্বাচনে ভোটগণনায় সময় বেশি লাগবে বলেও জানান আখতার আহমেদ।

তিনি বলেন, ‘এবার ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন, এ কারণে গণনায় এবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগবে।’

ব্যাংকিং ‘লিমিট’ করা হবে

বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের বিষয়ে আমরা কথা বলেছি। তবে মোবাইল ব্যাংকিং সেবা এবার পুরোপুরি বন্ধ আমরা করব না। তবে লিমিট করা হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, এছাড়া  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সিআইডি, বিকাশ, রকেট নগদ ও উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তারা। 

Share This