নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার অতিথি: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার অতিথি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক : February 14, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, নতুন মন্ত্রিসভার শপথ আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। রোজার আগেই শপথ অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদীয় দলনেতা নির্বাচন করা হবে। এরপর রাষ্ট্রপতি দলনেতাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানাবেন। দলনেতা সম্ভাব্য মন্ত্রীদের নাম মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবেন। পরে সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়ে শপথ অনুষ্ঠানের জন্য চিঠি পাঠানো হবে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।

Share This